তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
দি নিউজ লায়ন; নির্বাচনের সময় একাধিক জায়গায় অতি সক্রিয়তার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আর নির্বাচনের ফল ঘোষণার দিনেও উলুবেড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তা অভিযোগ উঠল। অভিযোগ রবিবার বিকেলে দলীয় প্রার্থীদের জয়ের আনন্দে যোগ দিতে আসা তৃণমূল কর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও তৃণমূলের দাবি বিজেপির পরাজয়ে কেন্দ্রীয় বাহিনী হতাশ হয়ে নির্বিচারে দলীয় কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে।
করোনা সংক্রমণ বিধি মেনে রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়া সিআইপিটি কলেজে উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া পূর্ব,বাগনান ও আমতা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়। করোনা সংক্রমণের জন্য এবারে গণনা কেন্দ্রে আশেপাশে কাউকে জমায়েত হতে দেওয়া হয়নি। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল প্রার্থীদের ক্রমশঃ জয়ের খবর আসতে থাকায় তৃণমূল কর্মীরা জাতীয় সড়কের ধারে গণনা কেন্দ্রের সামনে জমা হতে থাকে।
অভিযোগ শান্তিপূর্ণভাবে তৃণমূল কর্মী সমর্থকরা নির্দিষ্ট দূরত্ব মেনে জমায়েত করলেও মাঝেমধ্যেই কেন্দ্রীয় বাহিনী তাদের দিকে তেড়ে যাচ্ছিল। কেন্দ্রীয় বাহিনীর এই আচরণে ক্ষুব্দ তৃণমূল কর্মী সমর্থকরা তাদের হুঁশিয়ারি দেয় এটা বাংলা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা চলবে নরেন্দ্র মোদির কথা চলবে না। অভিযোগ এরপরেই কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কর্মী সমর্থকদের উপর ব্যাপক লাঠিচার্জ করে। অভিযোগ দু'দফায় লাঠিচার্জে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে। এদিকে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের পরে আরো ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও পরে তৃণমূল নেতৃত্ব পরিস্থিতি সামাল দেয়।

Post a Comment